ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

আদালত থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বোনসহ নিহত ৩

আদালত থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বোনসহ নিহত ৩
×

প্রতীকী ছবি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ১৮:৩৪

কক্সবাজারের রামুতে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। আজ সোমবার বিকেল পৌনে ৩টার দিকে শহীদ কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মধ্যম খুনিয়াপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকার জাফর আলমের মেয়ে শাহনাজ বেগম (৪০) ও রুবিনা বেগম (৪২)। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহতরা হলেন- রাজাপালংয়ের চাকবৈঠা এলাকার নুর আহমদ (৪৫) ও অটোরিকশার চালক আব্দুল মালেক (২৬)।

নিহত শাহনাজ বেগমের স্বামী মুজিবুর রহমান বলেন, তার স্ত্রী ও শ্যালিকা আদালতে একটি মামলার কাজে কক্সবাজারে এসেছিলেন। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তার দুই সন্তান মাকে হারিয়েছে। এখন আমাদের কী হবে?

রামু হাইওয়ে ক্রসিং থানার পরিদর্শক সুকান্ত চক্রবর্তী জানান, বিকেলে কক্সবাজারমুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং চালকসহ তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহত ও আহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক ও তার সহকারী পালিয়ে গেলেও দুটি যানবাহন জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×