ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
×

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ১৯:২৭

লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় এক ট্রাকচালককে অপহরণ, জখম ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক এস. এম. শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পাটগ্রাম উপজেলার ইসফারমারা (সোনারভিটা) এলাকার শফিকুল ইসলামের ছেলে সবুজ মিয়া, একই উপজেলার হাদীসপাড়া এলাকার মোহাম্মদ আলী ওরফে বুলুর ছেলে রমজান আলী এবং ভাটিয়াটারী এলাকার শামছুল হক ওরফে সামছুর রহমানের ছেলে আরিফুল ইসলাম ওরফে তানজিদ। তাদের মধ্যে সবুজ মিয়া ও রমজান আলী বর্তমানে পলাতক।

আদালতের রায়ে দণ্ডবিধির ৩৬৫ ধারায় (অপহরণ) প্রত্যেককে পৃথকভাবে সাত বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে। তবে দুটি সাজা একসঙ্গে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২১ আগস্ট ভারতীয় ট্রাকচালক লক্ষ্মীনন্দর সিং পাথরবোঝাই ট্রাক নিয়ে বুড়িমারী স্থলবন্দরে আসেন। ট্রাকটি বুড়িমারী সড়কে আটকে গেলে রাতের দিকে আসামিরা পে-লোডার বা ক্রেন দিয়ে ট্রাক উদ্ধারের প্রলোভন দেখিয়ে তাকে মোটরসাইকেলে করে নির্জন স্থানে নিয়ে যায়।

পরদিন রাত ৩টার দিকে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর ভোটবাড়ী এলাকায় নিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করা হয়। পরে তার কাছে থাকা ৮ হাজার ভারতীয় রুপি ছিনিয়ে নিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে টহল পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহত ট্রাকচালককে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মতিয়ার রহমান বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত দণ্ডবিধির ৩৬৫ ও ৩৯৪ ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তিন আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সামসুল আলম মিলন রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ভারতীয় নাগরিককে অপহরণ ও ছিনতাইয়ের মতো গুরুতর অপরাধের ঘটনায় আদালতের এই রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরও পড়ুন

×