ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর

পাইপ কেটে ঢালা হয় বিষাক্ত রাসায়নিক

পাইপ কেটে ঢালা হয় বিষাক্ত রাসায়নিক
×

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ০৮:০৪

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর পুলিশ ফাঁড়িতে পানিতে বিষ মেশানোর ঘটনাটি পূর্বপরিকল্পিত। এমনই বলছেন পুলিশের কর্মকর্তারা। তারা জানিয়েছেন, পাইপ কেটে ভেতরে বিষাক্ত রাসায়নিক ঢেলে দিয়েছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় গত রোববার রাতে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা হয়েছে। এতে ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০ জনকে আসামি করা হয়। একজনকে গ্রেপ্তার করলেও তার নাম-পরিচয় জানায়নি পুলিশ।

উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের আলীনগর উচ্চ বিদ্যালয়ের ভেতরে অবস্থিত এই অস্থায়ী পুলিশ ফাঁড়ি। স্থানীয় সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে এই এলাকা কয়েক দশক ধরে পরিচিত হয়ে উঠেছে। কয়েকটি চক্র সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ করেছে। সম্প্রতি ওই এলাকাকে ভূমিদস্যুমুক্ত করতে প্রশাসন সক্রিয় হয়ে ওঠে। এরই মধ্যে কিছুদিন আগে সেখানে স্থাপিত র‍্যাব ক্যাম্পে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ভেঙে দেওয়া হয় স্থাপনার দেয়াল। 

রোববার সকালে ক্যাম্পে থাকা ট্যাঙ্কের পানি ব্যবহার করে তিন পুলিশ সদস্য অস্বস্তি অনুভব করেন। চোখেমুখে পানি দেওয়ার পর দুর্গন্ধ পান। সঙ্গে সঙ্গে তাদের জ্বালাপোড়া শুরু হয়। এ সময় তারা দেখেন, পানির রং অন্য রকম। সঙ্গে সাদা ফেনা। তারা বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়ে পানি ব্যবহার বন্ধ করে দেন। চট্টগ্রামের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তদন্ত করে পানিতে বিষাক্ত রাসায়নিক মেশানোর প্রমাণ পান। যে তিন পুলিশ সদস্য অসুস্থ হয়েছিলেন, তারা গতকাল সোমবার সুস্থ হয়ে উঠেছেন।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশের পক্ষে থানায় অন্তর্ঘাতমূলক ঘটনার অভিযোগে মামলা করা হয়েছে। এতে ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০ জনকে আসামি করা হয়েছে। রোববার রাতেই পুলিশ একজনকে আটক করেছে।

চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি মো. নাজিম উদ্দিন বলেন, ঘটনাস্থলে গিয়ে তারা কীভাবে পানিতে বিষাক্ত কিছু মেশানো হলো, তদন্ত শুরু করেন। উৎস খুঁজতে খু্ঁজতে গিয়ে কিছুটা দূরে জঙ্গলে দেখতে পান সাপ্লাই লাইন কেটে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা। সেটি ভালোভাবে দেখে বুঝতে পারেন, এখানে পানির দুটি লাইন দুই দিকে গেছে। একটি গেছে স্থানীয় স্কুলের দিকে, অন্যটি পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনীর যৌথ ক্যাম্পের দিকে। তাঁর ধারণা, দুর্বৃত্তরা প্রথমে যৌথ বাহিনীর সাপ্লাই লাইনের চাবি বন্ধ করে। পরে সেটি কেটে পাইপের ভেতরে বিষাক্ত রাসায়নিক ঢেলে লাইনটি প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দেয়। রোববার সকালে পুলিশ সদস্যরা পানি ব্যবহারের সময় বিষয়টি টের পেয়ে যান। না হলে এই পানি ব্যবহার করে কোমলমতি শিক্ষার্থী, পুলিশসহ অন্যদের বড় ক্ষতি হতে পারত।

পুলিশ কর্মকর্তা মো. নাজিম উদ্দিন আরও বলেন, জঙ্গল সলিমপুর ভূমিদস্যুমুক্ত করার চেষ্টা চলছে। এখানে যৌথ বাহিনী থাকুক, তা সন্ত্রাসীরা মানতে পারছে না। এর আগেও তারা এখানে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন, ক্যাম্পে হামলাসহ নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সব শেষে পানিতে বিষও তারা মিশিয়েছে বলে পুলিশের ধারণা। পানি পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×