ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনায় নিহত

সৌদি আরব থেকে ফিরল দুই ভাইয়ের কফিনবন্দি লাশ

সৌদি আরব থেকে ফিরল দুই ভাইয়ের কফিনবন্দি লাশ
×

দুই ভাই সজীব ও সুজন

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ১৭:০৯

জীবিকার সন্ধানে সৌদি আরবে গিয়েছিলেন লক্ষ্মীপুরের দুই ভাই সজীব ও সুজন। গত ১৫ জুলাই দেশটির দাম্মামে সড়ক দুর্ঘটনায় প্রাণ নিহত হন তারা। গতকাল সোমবার কফিনবন্দি মরদেহ হয়ে দেশে ফিরেছে তাদের মরদেহ।

আজ মঙ্গলবার সকাল ১০টায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের নিজ বাড়ির পাশের কামারহাট মসজিদ মাঠে দুই ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়। শেষ বিদায়ে আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

নিহত সজীব ও সুজন গনিপুর গ্রামের খলিফার বাড়ির বাসিন্দা আব্দুল মালেকের ছেলে। বড় ভাই সজীব দীর্ঘদিন ধরে সৌদি আরবের দাম্মামে খেজুরের ব্যবসা করতেন। চলতি বছরের শুরুতে ছোট ভাই সুজনকে কাজের সহযোগিতার জন্য সেখানে নিয়ে যান তিনি।

পরিবারের সদস্যরা জানান, গত ১৫ জুলাই দিবাগত রাতে খেজুরবোঝাই একটি পিকআপে করে বাগান থেকে ফেরার পথে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।

আইনি প্রক্রিয়া শেষে সোমবার রাতে তাদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। শেষবারের মতো একনজর দেখতে শত শত মানুষ সেখানে ভিড় করেন। মঙ্গলবারের জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা অংশ নেন।

নিহত সজীবের স্ত্রী ও দুই বছর বয়সী এক ছেলে রয়েছে। পরিবারের প্রধান উপার্জনক্ষম দুই সদস্যকে হারিয়ে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

স্থানীয়রা জানান, সজীব ও সুজন ছিলেন পরিশ্রমী, ভদ্র ও সবার প্রিয়। তাদের মৃত্যুতে শুধু একটি পরিবার নয়, শোকের ছায়া নেমে এসেছে পুরো গনিপুর গ্রামে। জানাজা শেষে অশ্রুসিক্ত চোখে দুই ভাইকে শেষ বিদায় জানান স্বজন ও এলাকাবাসী।

আরও পড়ুন

×