ট্রলের শিকার শিক্ষিকা বিউটি রানী যে দাবি জানালেন
গানের তালে হাঁটার ভিডিও ভাইরাল
শিক্ষিকা বিউটি রানী পাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ১৭:৫৩ | আপডেট: ২৮ জুলাই ২০২৬ | ১৮:০৪
সামাজিক মাধ্যমে ট্রলের শিকার সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল দ্রুত ‘শিক্ষক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি জানিয়েছেন। আজ মঙ্গলবার সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ দাবি জানান। পোস্টে প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল উল্লেখ করেন,‘মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নিকট বিনীতভাবে আবেদন জানাই-দ্রুত শিক্ষক সুরক্ষা আইন ২০২৬ প্রণয়ন করা হোক, যাতে ভবিষ্যতে কোনো শিক্ষকই সাইবার বুলিং, মানহানি বা অনলাইন হয়রানির শিকার না হন এবং শিক্ষক সমাজ মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।’
এ দিকে হেনস্থার পর দেশজুড়ে শিক্ষক, সাংবাদিক ও সাধারণ মানুষ তাঁর পাশে দাঁড়ানো এবং সংহতি প্রকাশ করে গান, কবিতা ও ভিডিওর মাধ্যমে সৃজনশীল প্রতিবাদ গড়ে তোলায় কৃতজ্ঞতা প্রকাশ করেন বিউটি রানী পাল। তিনি তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘আমার পাশে দাঁড়ানো বাংলাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপকগণ এবং সমাজের বিশিষ্ট বুদ্ধিজীবীদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা গান, কবিতা, লেখা এবং বিভিন্ন সৃজনশীল মাধ্যমের মাধ্যমে যে প্রতিবাদ, সংহতি ও নৈতিক সমর্থন জানিয়েছেন, তা আমাকে সাহস ও প্রেরণা দিয়েছে। আপনাদের এই ভালোবাসা ও সহযোগিতা আমি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখব।’

এদিকে ঘটনাটি পুলিশ ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত করছে বলে জানা গেছে।
গত ২৩ জুলাই বৃষ্টির দিনে স্কুল প্রাঙ্গণে শাড়ি পরে ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানের তালে হাঁটার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন শিক্ষিকা বিউটি রানী পাল। এ কারণে সমালোচনা ও ট্রলে শিকার হন তিনি। এ ঘটনায় থানায় জিডি করেন এ প্রধান শিক্ষিকা।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, প্রধান শিক্ষিকার জিডির পরিপ্রেক্ষিতে ঘটনাটি পুলিশ ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
- বিষয় :
- সিলেট
- স্কুল শিক্ষক
- ফেসবুকে ভাইরাল
- ট্রল