ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

শ্রেণিকক্ষে খুলে পড়ল সিলিং ফ্যান, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক

শ্রেণিকক্ষে খুলে পড়ল সিলিং ফ্যান, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক
×

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ২০:০২

দিনাজপুরের ফুলবাড়ীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চলন্ত অবস্থায় সিলিং ফ্যান খুলে পড়ার ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলেও ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে কোমলমতি শিশু শিক্ষার্থীদের মধ্যে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের কাঁটাবাড়ী এলাকায় অবস্থিত ‘ফুলবাড়ী বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ক্লাস চলাকালীন হঠাৎ করেই ঘরের ছাদ থেকে সিলিং ফ্যানটি নিচে খসে পড়ে। এ সময় আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে শিক্ষার্থীরা। ঘটনায় দুজন শিক্ষার্থী মাথা ও হাতে সামান্য আঘাত পেয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেলেও স্কুল কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছে।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সোহেল রানা নামে এক অভিভাবক অভিযোগ করেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। স্কুলের পুরোনো ও ঝুঁকিপূর্ণ ফ্যানগুলোর বিষয়ে প্রধান শিক্ষকসহ শিক্ষা অফিসে বারবার বলা সত্ত্বেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি। আজ (মঙ্গলবার) কোনো শিশুর বড় ক্ষতি হয়ে গেলে তার দায় কে নিত? কর্তৃপক্ষ কোনোভাবেই এই দায় এড়াতে পারে না।’

তবে অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে প্রধান শিক্ষক শরিফা আক্তার লাকি বলেন, ‘ঘটনার সময় ক্লাসের ছুটি হয়ে গিয়েছিল। কিছু বাচ্চা দরজার কাছে ছিল এবং কিছু বাইরে। তাই শিক্ষার্থীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ 

তিনি আরও যোগ করেন, ‘অভিভাবকদের দাবির মুখে সম্প্রতি স্কুলের নষ্ট ফ্যান মেরামত ও চেক করা হলেও দুর্ঘটনাকবলিত ফ্যানটি কোনোভাবে পরীক্ষার বাইরে থেকে গিয়েছিল।’

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহসীন আলী বলেন, ‘ফ্যান খুলে পড়ার বিষয়টি আমি শুনেছি। বিদ্যালয়ের সকল বৈদ্যুতিক সরঞ্জাম নিয়মিত তদারকি ও পরীক্ষার জন্য আগে থেকেই কড়া নির্দেশনা দেওয়া আছে। অনেকেই তা ঠিকমতো মেনে চলেন না। বিষয়টি নিয়ে আমরা বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

আরও পড়ুন

×