রামুতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৩১ জনকে আসামি করে মামলা
ফাইল ছবি
কক্সবাজার ও রামু প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ২০:০৬
কক্সবাজারের রামুতে ছাত্রলীগের ঝটিকা মিছিল ও মোটরসাইকেল শোডাউনের অভিযোগে ৩১ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় আরও ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গত সোমবার রাতে রামু থানার উপপরিদর্শক মুহাম্মদ নূরুল আবছার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এজাহারে বলা হয়, গত ২৬ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ জানতে পারে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব মুরাপাড়ার জমজম ফিলিং স্টেশনের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে সরকারবিরোধী কর্মসূচি পালন করছে। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দামের নির্দেশে রামু উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তারেক উদ্দিন মিশুক ও এরশাদুল কাউসার সাকিবের নেতৃত্বে মহাসড়কে মোটরসাইকেল শোডাউন ও মিছিল করেন নেতাকর্মীরা। মিছিল ও মোটরসাইকেল শোডাউনকালে তারা শেখ হাসিনার ছবি এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা ব্যানার বহন করে সরকারবিরোধী স্লোগান দেন। তাদের হাতে লাঠিসোটাও ছিল। এসব কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্কা সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হয়।
এজাহার অনুযায়ী, ঘটনাস্থলের আশপাশের লোকজনের দেওয়া তথ্য ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে।
পুলিশের দাবি, দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা মোটরসাইকেলে পালিয়ে যান। যাওয়ার সময় তারা ব্যানার, লাঠিসোটা ও ইটের টুকরা ফেলে রেখে যান। ঘটনাস্থল থেকে ব্যানার, ১৩টি কাঠের লাঠি এবং ১৯টি ইটের টুকরা জব্দ করা হয়। স্থানীয় তিনজন সাক্ষীর উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি অজ্ঞাত আসামিদের পরিচয় শনাক্তের কাজও চলছে।
- বিষয় :
- মামলা
- ছাত্রলীগ
- ঝটিকা মিছিল