ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

একটা মানুষ বাতাসে দাঁড়িয়ে গান শুনছে, সমালোচনা কেন: প্রতিমন্ত্রী

একটা মানুষ বাতাসে দাঁড়িয়ে গান শুনছে, সমালোচনা কেন: প্রতিমন্ত্রী
×

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ২২:১৫

সামাজিক মাধ্যমে ট্রল ও সাইবার বুলিংয়ের শিকার সিলেটের ফেঞ্চুগঞ্জের শিক্ষক বিউটি রানী পালের পক্ষে দাঁড়ালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষিকাকে নিয়ে বিতর্কের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি মানুষ বাতাসে দাঁড়িয়ে গান শুনছে এটা নিয়ে আলোচনা-সমালোচনা কেন হবে? সমালোচনা তো আপনারা করেছেন, আর কেউ করেনি। জনগণ এটা করছে না। 

আজ মঙ্গলবার সিলেটের জৈন্তাপুরের মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পরে তিনি জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এবং খাসিয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এদিকে অনলাইন হয়রানির প্রতিবাদে দ্রুত ‘শিক্ষক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি জানিয়েছেন ফেঞ্চুগঞ্জের পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি পাল। গতকাল ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ভবিষ্যতে যেন আর কোনো শিক্ষক সামাজিক মাধ্যমে বুলিং, মানহানি বা হেনস্তার শিকার না হন এবং শিক্ষক সমাজ মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য দ্রুত শিক্ষক সুরক্ষা আইন করা প্রয়োজন।

বিউটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং এ বছর সিলেট জেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। গত ২৩ জুলাই বৃষ্টির দিনে স্কুল প্রাঙ্গণে একটি গানের সঙ্গে হাঁটার ভিডিও ফেসবুকে পোস্ট করার পর তাঁকে নিয়ে ট্রল শুরু হয়। একটি গোষ্ঠী শিক্ষিকার বিরুদ্ধে কটূক্তি ও প্রশাসনিক শাস্তির দাবি তোললে তাঁর পক্ষে সরব হন অগণিত মানুষ।

আরও পড়ুন

×