ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে বিএনপি নেতাকে শোকজ

কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে বিএনপি নেতাকে শোকজ
×

মিজানুর রহমান

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ | ০২:১০

মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি। কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে এই নোটিশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেমের সই করা নোটিশে এই তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, গত সোমবার মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়কের মতবিনিময় সভা হয়। সভায় মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব এম. মিজানুর রহমান সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেন, যা দলীয় শৃঙ্খলাবিরোধী। ওই বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও অভিযোগ আনা হয়। এই ঘটনায় কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী সাত দিনের মধ্যে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়কের কাছে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব এম. মিজানুর রহমানকে বলতে শোনা যায়, ‘অধ্যক্ষ সেলিম ভূঁইয়া হোমনা-তিতাসের এমপি। তিনি হোমনা-তিতাস নিয়েই থাকুক। আমাদের মেঘনায় যেন ডিস্টার্ব না করে।’

ভিডিওটি ভাইরাল হওয়ার পর তাঁর বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থাসহ কঠোর শাস্তির দাবি জানান তৃণমূলের অনেক নেতাকর্মীরা।

জানতে চাইলে মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান সমকালকে বলেন, তিনি বক্তব্য দেওয়ার সময় কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম সঙ্গেই ছিলেন। যদি তাঁর বক্তব্য কুরুচিপূর্ণ হতো তখন তিনি বলতেন পারতেন থামেন আপনার কথা ঠিক হয়নি? তার পরে আবুল হাশেম বক্তব্য দিয়েছেন তখনও তিনি কিছু বলেননি। তিনি বলেন, ‘কারণ দর্শানোর নোটিশ নিয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেমকে জিজ্ঞেস করেছি, ভাই আমাকে যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আমি কী এমন বলেছি? উনি বলেছেন, আমি নাকি বলেছি পাশের বাড়ির একজন আছেন উনি আমাদের ডিস্টার্ব করেন, এটি উনার নেতার অপমান হয়েছে। যদি অন্যায় হয়ে থাকে তাহলে ক্ষমা চাইব।’

আরও পড়ুন

×