ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ডেটাবেজ তৈরির জন্য দেশে প্রথমবারের মতো হচ্ছে নৌযান শুমারি

ডেটাবেজ তৈরির জন্য দেশে প্রথমবারের মতো হচ্ছে নৌযান শুমারি
×

ছবি- সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ | ০৪:৩০

নৌযান নিয়ে ডেটাবেজ তৈরির লক্ষ্যে দেশে প্রথমবারে মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি-২০২৬। মূলত দেশের নৌ খাতের প্রকৃত চিত্র তুলে ধরা, নৌ-নিরাপত্তা জোরদার এবং জেলে ও নৌ-শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ শুমারি হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ‘নৌযান শুমারি-২০২৬’বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চট্টগ্রাম কার্যালয় এ আয়োজন করে। 

বিবিএসের যুগ্ম পরিচালক ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দীন এবং বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। বক্তব্য দেন অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের যুগ্ম পরিচালক মো. সেলিম। সেমিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিসংখ্যান ব্যুরোর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সেমিনারে জানানো হয়, ‘নৌযান শুমারি-২০২৬’-এর মূল উদ্দেশ্য হলো দেশের সমুদ্রগামী ও অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী সব ধরনের নৌযানের সংখ্যা, ধরন ও কাঠামোগত বৈশিষ্ট্য নিয়ে একটি সমন্বিত জাতীয় ডেটাবেজ তৈরি করা। এই তথ্যভান্ডার নৌ-নিরাপত্তা নিশ্চিতকরণ, নৌ-দুর্ঘটনা হ্রাস এবং নৌ-শ্রমিকদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

সেমিনারে ড. জিয়াউদ্দীন বলেন, শুমারির মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তি বা জনগোষ্ঠীর প্রয়োজন অনুযায়ী সরকারি সহায়তা নিশ্চিত করা সম্ভব। 

অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, দেশের ইতিহাসে এটিই প্রথম নৌযান শুমারি। এই শুমারির মাধ্যমে জেলে ও নৌ-শ্রমিকদের ঝুঁকি, চ্যালেঞ্জ ও বাস্তব পরিস্থিতি চিহ্নিত করা সম্ভব হবে। এর ভিত্তিতে তাদের কল্যাণে কার্যকর পরিকল্পনা ও উন্নয়ন কর্মসূচি নেওয়া যাবে।

আরও পড়ুন

×