‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল
নগরকান্দার সেই ভূমি কর্মকর্তাকে বদলি
ছবি: ভিডিও থেকে নেওয়া
ফরিদপুর অফিস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ | ১৬:৩৩
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা সারোয়ার হোসেনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
বুধবার জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত কর্মকর্তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে বর্তমান কর্মস্থল ডাঙ্গী ইউনিয়ন ভূমি অফিস থেকে বদলি করে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি সেখানেই দায়িত্ব পালন করবেন।
নগরকান্দা উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই অফিস চলাকালে এক সেবাগ্রহীতার কাছ থেকে অর্থ গ্রহণের একটি ভিডিও ধারণ করা হয়। পরে ২৭ জুলাই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে সারোয়ার হোসেনকে এক ব্যক্তির কাছ থেকে টাকা গ্রহণের পর বলতে শোনা যায়, ‘এক মাসের মধ্যে কাজ কমপ্লিট করে দেওয়া হবে।’
অভিযোগ ওঠে, সরকারি সেবা দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়েই ওই অর্থ গ্রহণ করেছিলেন তিনি। এর পরিপ্রেক্ষিতে ২৮ জুলাই অভিযুক্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন জানান, অভিযুক্ত কর্মকর্তাকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। তিনি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না বলে অঙ্গীকার করেছেন। তবে তার আচরণে সরকারি সেবার প্রতি জনআস্থা ক্ষুণ্ন হয়েছে এবং ভূমি প্রশাসনের ভাবমূর্তি নষ্ট হয়েছে উল্লেখ করে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাস বলেন, উপজেলা প্রশাসনের সুপারিশের ভিত্তিতে সারোয়ার হোসেনকে তাৎক্ষণিকভাবে ডাঙ্গী ইউনিয়ন ভূমি অফিস থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। অভিযোগের বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম চলমান থাকবে।
উল্লেখ্য, এর মাত্র একদিন আগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা ইমরান শেখের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হলে তাকেও সাময়িক বরখাস্ত করা হয়।