ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে ট্রাক-নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত ২

গোপালগঞ্জে ট্রাক-নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত ২
×

ছবি: সমকাল

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ | ১৭:০৭

গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে রাজু শেখ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় নসিমনচালকসহ আরও দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম-রঘুনাথপুর সড়কের বেদগ্রাম রেলক্রসিংসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু শেখ পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মোতালেব শেখের ছেলে।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, রাতে চিকিৎসাধীন অবস্থায় দুর্ঘটনায় আহত কিশোরের মৃত্যু হয়। বাকি আহত দুজনের অবস্থা আশঙ্কা জনক নয়। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, রঘুনাথপুর থেকে একটি নসিমন বেদগ্রামের দিকে যাচ্ছিল। পথে বেদগ্রাম রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর নসিমনটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে রাজু শেখসহ তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজু শেখ মারা যান।এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

আরও পড়ুন

×