ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল যুবকের মরদেহ

কুমিল্লায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল যুবকের মরদেহ
×

প্রতীকী ছবি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ | ১৯:০১

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের একদিন পর আল আমীন (৩৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া পশ্চিম পাড়া এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আল আমীন উপজেলার একই এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য অহিদ মিয়ার ছেলে। 

স্বজনদের অভিযোগ, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহতের পরিবার জানায়, গত মঙ্গলবার বিকেলে সিদলাই গ্রামের কয়েকজন লোক আল আমীনকে দেখা করার জন্য মোবাইলে ফোন করলে বিকেল ৩টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে তাদের সাথে দেখা করতে যান। সন্ধ্যার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। বুধবার সকালে স্থানীয় লোকজন চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া পশ্চিম পাড়া এলাকার নতুন বাড়ির পাশে একটি ডোবায় আল আমীনের লাশ ভাসতে দেখেন। পরে খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত আল আমীনের বাবা অহিদ মেম্বার বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ গুম করার চেষ্টা করা হয়। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

আরও পড়ুন

×