ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মুক্তিপণ দিয়েই ফিরল অপহৃত শিশু রহমত আলী

মুক্তিপণ দিয়েই ফিরল অপহৃত শিশু রহমত আলী
×

সংবাদ সম্মেলনে কক্সবাজার জেলা পুলিশ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ০৭:০৬

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে অপহৃত পাঁচ বছরের এক শিশুকে ৩ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে পরিবারের সদস্যরা ফিরিয়ে এনেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার বিকেলে কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান।

পুলিশ জানায়, গত ২২ জুলাই দুপুরে উখিয়ার বালুখালী ক্যাম্প-১১ থেকে মো. জুনায়েদের পাঁচ বছর বয়সী ছেলে রহমত আলীকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা শিশুটিকে হত্যার ভয় দেখিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় এবং পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, ভয়ে শিশুটির পরিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না জানিয়ে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে। পরে দর-কষাকষির মাধ্যমে ৩ লাখ ২০ হাজার টাকায় সমঝোতা হয়। অপহরণকারীদের নির্দেশনা অনুযায়ী মোবাইল আর্থিক সেবার বিভিন্ন হিসাবে টাকা পাঠানোর পর শিশুটিকে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, বুধবার ভোরে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের সদস্য মো. জাকারিয়া ওরফে জকরিয়াকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে চক্রের অন্য সদস্যদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে শিশুটির বাবা মো. জুনায়েদ বলেন, অপহরণকারীরা প্রথমে ৬ লাখ টাকা দাবি করলেও পরে বিভিন্নভাবে চেষ্টা করে ৩ লাখ ২০ হাজার টাকায় বিষয়টি মীমাংসা করা হয়। টাকা পাঠানোর পর তাঁর ছেলেকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার জাকারিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপহরণ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া শিশুটি বর্তমানে পরিবারের হেফাজতে রয়েছে।

আরও পড়ুন

×