ঈদগাহ মাঠে প্রাচীর নির্মাণ নিয়ে বিরোধ
দুই পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ
তাড়াশে গ্রাম্য বিরোধের জেরে বন্ধ করা হয়েছে দুই পরিবারের চলাচলের রাস্তা। গতকাল বুধবার বারুহাস ইউনিয়নের মনোহরপুর গ্রামে সমকাল
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ০৮:৩১
| প্রিন্ট সংস্করণ
সিরাজগঞ্জের তাড়াশে গ্রাম্য বিরোধের জেড়ে বাড়ি থেকে চলাচলের রাস্তায় বেড়া দিয়ে দুই পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে শাহিন সরকার নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল বুধবার উপজেলার বারুহাস ইউনিয়নের মনোহরপুর গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলার মনোহরপুর গ্রামে ঈদগাহ মাঠে প্রাচীর নির্মাণের কার্যক্রম চলছে। যা নিয়ে গ্রামবাসী দুইভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এর জেরে দুই প্রতিবেশি জমশেদ আলী ও মো. সেলিম উদ্দিনের সঙ্গে ও শাহিন সরকারের মধ্যে বিরোধ দেখা দেয়। গতকাল বুধবার সকালে শাহিন সরকার দলবল নিয়ে জমশেদ আলী ও সেলিম উদ্দিনের পরিবারের চলাচলের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেন।
অভিযোগ প্রসঙ্গে শাহিন সরকার জানান, আমার জায়গা আমি বেড়া দিয়েছি। কারণ জমশেদ আলী ও সেলিম উদ্দিনের পরিবারের সদস্যদের চলাচলের কারণে আমার জমির ফসল নষ্ট হয়।
কিন্তু ভুক্তভোগী জমশেদ আলী মোল্লা জানান, শাহিন সরকার প্রভাবশালী হওয়ার কারণে জোরপূর্বক বেড়া দিয়ে আমাদের দুটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে রেখেছেন। অপর ভুক্তভোগী সেলিম উদ্দিন বলেন, রাস্তাটি বন্ধ করে দেওয়ায় গবাদি পশু চড়ানো এবং মাঠ থেকে বাড়িতে ফসলাদি আনা সম্ভব হবে না।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- রাস্তা