নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় শিক্ষক নিহত
প্রতীকি ছবি
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ১২:৫১
নওগাঁ শহরের দয়ালের মোড়ে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের চাপায় আ. ত. ম. ইউসুফ (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা। তিনি জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে স্কুটি চালিয়ে কর্মস্থল জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিলেন। পথে শহরের দয়ালের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে স্কুটির সংঘর্ষ হয়। এতে তিনি সড়কের ওপর পড়ে যান।
এ সময় বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে মুক্তির মোড়ের দিকে আসা দ্রুতগতির বিআরটিসির একটি যাত্রীবাহী বাস চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।