যুবলীগ নেতা পারভেজ হত্যা মামলার প্রধান অভিযুক্ত ঢাকা থেকে গ্রেপ্তার
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ১৪:১১ | আপডেট: ৩০ জুলাই ২০২৬ | ১৪:২৩
ছাগলনাইয়ার কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা পারভেজ হত্যা মামলার প্রধান অভিযুক্তকে ঢাকা থেকে ঘটনার এক মাস পর গ্রেপ্তার করেছে র্যাবের যৌথ আভিযানিক দল। অভিযুক্ত মামুনুর রশিদ মামুনকে ঢাকার লালবাগ থানা এলাকা হতে র্যাব-৭ ও র্যাব-১০ এর একটি দল যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী র্যাব ক্যাম্পের অধিনায়ক।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
র্যাব-৭ জানায়, গত মাসের ২৭ জুন ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের সমিতি বাজার এলাকায় নিজ বাড়ির সামনে রাতে বাড়ি থেকে ডেকে এনে মামুনের নেতৃত্বে একদল ‘সন্ত্রাসী’ ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা যোবায়ের পারভেজকে কথাকাটাকাটির একপর্যায়ে জবাই করে হত্যা করে। পরে তারা মৃতদেহ পুকুরে ফেলে দেয়।
ভোরে স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ এসে লাশ উদ্ধার করে। ওই দিনই নিহত কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা পারভেজের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছিলেন।
ঘটনার পর থেকে প্রধান অভিযুক্ত পালিয়ে থাকায় র্যাব ছায়া তদন্তের মাধ্যমে আসামি গ্রেপ্তারে আধুনিক যোগাযোগপ্রযুক্তি ব্যবহার করে তার গতিবিধি শনাক্ত করে অবস্থান নিশ্চিত করে।
পলাতক মামুনুর রশিদ মামুনের অবস্থান নিশ্চিত হয়ে ঢাকা মহানগরীর লালবাগ থানা এলাকার বাঁশপট্টি আশা হোটেলের সামনে থেকে বৃহস্পতিবার ভোররাতে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মামুন একই এলাকার নিজকুঞ্জরার নুর আহাম্মদ মাস্টার বাড়ির সাদেক মিয়ার ছেলে।
গ্রেপ্তার মামুনকে ছাগলনাইয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও র্যাব জানায়। থানার ওসি আবু তাহের গ্রেপ্তার মামুনকে ফেনী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা জানান।
- বিষয় :
- গ্রেপ্তার
- যুবলীগ নেতা
- হত্যা মামলা