ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১৫

সোনারগাঁয়ে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১৫
×

ম্যাপ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ১৪:৩৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের তিন গ্রামে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সনমান্দি ইউনিয়নের সোনারকান্দি, ভটেরকান্দি ও নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক (র‍্যাবিস) প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় পাগলা শিয়ালের আতঙ্কে রয়েছেন মানুষ।

আহতরা হলেন—উপজেলার সনমান্দি ইউনিয়নের সোনারকান্দি গ্রামের দেলোয়ার হোসেন, লিটন মিয়া, শিশু আব্দুল্লাহ, ভটেরকান্দি জামে মসজিদের ইমাম মিনহাজুল ইসলাম, ওই গ্রামের বাসিন্দা আব্দুল হাই, এক বৃদ্ধা নারী এবং নয়াপাড়া গ্রামের গোলজার হোসেনসহ ১৫ জন। তবে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জনকে টিকাসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সনমান্দি ইউনিয়নের সোনারকান্দি, ভটেরকান্দি ও নয়াপাড়া গ্রামে বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি শিয়াল লোকালয়ে ঢুকে একের পর এক পথচারী ও বাড়ির আঙিনায় থাকা মানুষকে কামড়ে দেয়। শিয়ালটি হঠাৎ করে বিভিন্ন বাড়ি ও সড়কে ঘুরে বেড়িয়ে যাকে সামনে পেয়েছে তাকেই আক্রমণ করে। এতে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এছাড়া তাঁদের জলাতঙ্কের টিকা দেওয়া হয়।

আহত দেলোয়ার হোসেন জানান, তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি শিয়াল এসে তাঁর পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। বুঝে ওঠার আগেই ঘটনাটি ঘটে। পরে স্বজনরা তাঁকে হাসপাতালে নিয়ে যান।

আরেক আহত লিটন জানান, শিয়াল খুবই হিংস্র ছিল। একজনকে কামড়ে দৌড়ে গিয়ে আবার অন্যজনের ওপর ঝাঁপিয়ে পড়ে। সবাই আতঙ্কে ছোটাছুটি শুরু করে। পরে স্থানীয়রা মিলে আহতদের হাসপাতালে নিয়ে যায়।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব বলেন, শিয়ালের কামড়ে আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি র‍্যাবিস প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে। সম্প্রতি এলাকায় শিয়ালের উপদ্রব বেড়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

আরও পড়ুন

×