ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় আ.লীগের রাজনীতি দিল্লিতে দাফন হয়েছে: রাশেদ খান

শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় আ.লীগের রাজনীতি দিল্লিতে দাফন হয়েছে: রাশেদ খান
×

ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলার সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান। ছবি: সমকাল

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ১৬:১৬

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে। আওয়ামী লীগের রাজনীতি দিল্লিতে দাফন হয়ে গেছে। শেখ হাসিনা পালিয়ে না গেলে অন্য কিছু হতে পারত। তবে যেহেতু তিনি পালিয়ে গেছেন, তাই আওয়ামী লীগ আর দেশের রাজনীতিতে ফিরতে পারবে বলে বিশ্বাস হয় না।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলার সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় এনসিপি ও জামায়াতের রাজনীতির সমালোচনা করে রাশেদ খান বলেন, ‘এনসিপি বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে নতুন ভণ্ডবস্তের রাজনীতি শুরু করেছে। এনসিপিকে বলব, গঠনমূলক রাজনীতি করুন।’ তিনি দাবি করেন, এনসিপির রাজনীতি এখন জামায়াতের পরামর্শে পরিচালিত হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক দর্শনের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী প্রতিহিংসার রাজনীতি করেন না। তিনি দলীয় নেতাকর্মীদের বারবার প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন। প্রধানমন্ত্রী এর আগে বলেছেন, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি প্রতিহিংসার বশবর্তী হয়ে এখন কারো মেরুদণ্ড ভাঙতে চান না। দেশটা সবাইকে নিয়ে মিলেমিশে গড়তে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা লক্ষ্য করছি, এনসিপির কিছু নেতাকর্মী প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণীকে নিয়ে কটূক্তি করে বেড়াচ্ছে। জুলাই পদযাত্রায় এনসিপির নেতারা স্থানীয় এমপি, মন্ত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করছে। আচ্ছা, এভাবে যদি তারা কথা বলে, তাহলে আপনি কতজন নেতাকর্মী-সমর্থককে নিয়ন্ত্রণ করবেন? যারা একজন এমপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাদের সামনে গিয়ে তাদের এমপিকে নিয়ে বাজে মন্তব্য করবেন, মানুষ আপনাদের ছেড়ে দেবে না। সিলেটের মানুষ, হবিগঞ্জের মানুষ সেই জায়গা থেকেই প্রতিবাদ করেছে।’

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রসঙ্গে রাশেদ খান বলেন, ‘শেখ হাসিনা অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছে। সে যদি নেতাকর্মীদের দেশে রেখে বিদেশে পালিয়ে না যেত, তাহলে অন্য কিছু হতে পারত। কিন্তু পালিয়ে গেলে আর ফেরা যায় না।’

এর আগে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান। জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাহফুজ হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুধীজন।

সভায় জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি মাদকের বিস্তার রোধে পুলিশের কঠোর পদক্ষেপের পরামর্শ দেন রাশেদ খান। একই সঙ্গে তিনি মাদকের বিরুদ্ধে প্রশাসন, রাজনৈতিক দল ও সামাজিক প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুন

×