ডেভিড ইমনের তথ্যের ভিত্তিতে ফটিকছড়িতে অভিযান, দেশী-বিদেশি অস্ত্র উদ্ধার
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি- সংগৃহীত
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ১৯:০৫ | আপডেট: ৩০ জুলাই ২০২৬ | ১৯:১৪
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন (২৫) সহ পাঁচজনকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফটিকছড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি এবং বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম।
গ্রেপ্তার অন্য আসামিরা হলেন—ঢাকার মতিঝিলের মো. শামীম (২৮), রাউজানের মো. মিঠু ওরফে ধামা ইলিয়াছ (৪৯), ঢাকার শ্যামপুরের আল ইসলাম আলিফ ওরফে তমাল (২৫) এবং নোয়াখালীর সোনাইমুড়ীর মো. সাফায়েত হোসেন (২৪)।
পুলিশ জানায়, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তের ধারাবাহিকতায় গত ২২ জুলাই এজাহারভুক্ত আসামি ধামা ইলিয়াছকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের অনুমতিতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি সন্ত্রাসী নেটওয়ার্ক ও অস্ত্রের মজুদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেন। ধামা ইলিয়াছের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ২১টি মামলা রয়েছে।
রিমান্ডে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ২৯ জুলাই যশোর জেলার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করে। ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত ১৩টি মামলা রয়েছে।
পুলিশ সুপার মাসুদ আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি এবং বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় আসামিদের বিরুদ্ধে নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া ফটিকছড়ি থানায় দায়ের হওয়া আগের একটি অস্ত্র মামলায় ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে।
পুলিশ সুপার বলেন, সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ ও গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত থাকবে।