‘সবাই মিলেমিশে খাই’ বলা সেই খাদ্য কর্মকর্তাসহ ৩ জন বরখাস্ত
ছবি: সমকাল
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ২২:১৫
জয়পুরহাটের কালাইয়ে খোলা বাজারে ন্যায্যমূল্যে বিক্রির (ওএমএস) জন্য বরাদ্দ দেওয়া আটা বিক্রি না করে আত্মসাতের অভিযোগে উপজেলা খাদ্য কর্মকর্তাসহ তিন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে খাদ্য অধিদপ্তর।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন কালাই উপজেলা খাদ্য কর্মকর্তা হুমায়ূন আহম্মেদ, উপজেলা খাদ্য পরিদর্শক মো. মাহমুদুন্নবী সরকার এবং সহকারী উপ-খাদ্য পরিদর্শক আব্দুল মোমিন।
এর আগে ওএমএসের বরাদ্দকৃত আটা কম দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা খাদ্য কর্মকর্তার ‘সবাই মিলেমিশে খাই’ মন্তব্যের একটি গোপন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ উপজেলায় সরকারিভাবে নিয়োগকৃত ওএমএসের ডিলার না থাকায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিজেই খোলাবাজারে আটা ও চাল বিক্রি করছেন। প্রতি পরিবারের একজনকে আইডি কার্ডসহ লাইনে দাঁড়িয়ে আটা সংগ্রহ করতে হয়। ওএমএস কর্মসূচির আওতায় কালাই উপজেলায় সপ্তাহে পাঁচ দিন ২ টন আটা ও ২ টন চাল বরাদ্দ রয়েছে। এ কর্মসূচিতে একজন সুবিধাভোগী ২৭০ টাকায় পাঁচ কেজি আটা ও পাঁচ কেজি চাল কিনতে পারেন।
স্থানীয় সুবিধাভোগীদের অভিযোগ, প্রতিদিন দুই টন আটার বিপরীতে বিক্রয় কেন্দ্রে ৫০ কেজি ওজনের ৪০ বস্তা আটা থাকার কথা থাকলেও সেখানে রাখা হতো মাত্র ২০ বস্তা। ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেক নিম্নআয়ের মানুষ আটা না পেয়ে ফিরে যেতেন।
বরখাস্ত হওয়া উপজেলা খাদ্য কর্মকর্তা হুমায়ূন আহম্মেদ বলেন, ‘যা হবার তা তো হয়েই গেছে, লিখে আর কি করবেন। যা লিখার লিখেন।’
জয়পুরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিল আহমেদ জানান, অভিযোগ পাওয়ার পর গত মঙ্গলবার সন্ধ্যায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। প্রাথমিক তদন্তে ওএমএসের আটা আত্মসাৎ এবং দায়িত্বে অবহেলার সত্যতা পাওয়ায় মহাপরিচালকের নির্দেশে গত বুধবার উপজেলা খাদ্য কর্মকর্তা, খাদ্য পরিদর্শক ও সহকারী উপ-খাদ্য পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের কালাই উপজেলা থেকে প্রত্যাহার করা হয়েছে।
তিনি বলেন, তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ছাড়াও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
- বিষয় :
- জয়পুরহাট
- আত্মসাৎ
- খাদ্য কর্মকর্তা
- সাময়িক বরখাস্ত