শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা
অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন
ধর্ষণচেষ্টাকারীর বিচার দাবিতে বৃহস্পতিবার সুনামগঞ্জ সদরের আলতাফ স্কয়ারে স্থানীয়দের মানববন্ধন সমকাল
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ | ০৯:২৪
| প্রিন্ট সংস্করণ
সুনামগঞ্জে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার সাইফুল হক নামের এক আসামির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে বুড়িস্তল এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা জানান, ২৬ জুলাই বুড়িস্তল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ওই শিশু শিক্ষার্থীকে প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত সাইফুল হক।
এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত তাকে রক্তাক্ত অবস্থায় বাইরে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে এলাকাবাসী ধাওয়া করে তাঁকে আটক করে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশে সোপর্দ করে।
বক্তারা আরও বলেন, এই নির্মম ঘটনার পর বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অভিযুক্ত সাইফুলের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বুড়িস্তল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ রঞ্জন দাশ। সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা লতিফ।
- বিষয় :
- মানবন্ধন