ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড
ডেভিড ইমন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ | ০৯:৪৬
| প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের কাছে পাওয়া গেছে ভারতের আধার কার্ড। সেটিতে তাঁর নাম ‘আজাহার খান’। কার্ডে গোঁফসহ ছবি ব্যবহার করা হয়েছে। আধার কার্ড পাওয়া গেলেও সেটি নতুন করে দায়ের করা অস্ত্র মামলার জব্দ তালিকায় দেখানো হয়নি।
ইমন ও তাঁর তিন সহযোগীকে দুই মামলায় গতকাল বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। তাদের আদালতে হাজির করে পুলিশ অস্ত্র মামলা ও খুনের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে তা মঞ্জুর করা হয়।
১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে পুলিশ সুপার মো. মাসুদ আলম গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে ঘোষণা করলেও আদালতে রিমান্ডের কোনো আবেদন করা হয়নি। শুনানির সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি।
এদিকে ইমনের অস্ত্রভান্ডারের হদিস পায়নি পুলিশ। একে ৪৭সহ নানা ধরনের অস্ত্র হাতে তাঁর ছবি ভাইরাল হলেও পুলিশ জব্দ করেছে জংধরা একটি এলজি ও একটি পিস্তল। ফটিকছড়ির কাঞ্চননগরের বাড়িতে এসব অস্ত্র পাওয়া গেছে। এ নিয়ে ফটিকছড়ি থানায় অস্ত্র মামলা দায়ের করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, গ্রেপ্তারের সময় ইমনের কাছে ভারতের একটি আধার কার্ড পাওয়া গেছে। শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের পরামর্শে তিনি ভারতে পালানোর প্রস্তুতি নিয়েছিলেন।
- বিষয় :
- ডেভিড ইমন