ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নতুন কর ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা

নতুন কর ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
×

প্রস্তাবিত বাজেটের ওপর আয়োজিত উন্মুক্ত আলোচনায় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। ছবি: সমকাল

চাঁদপুর প্রতিনিধি 

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ | ১৩:৩১

কোনো ধরনের নতুন কর না বাড়িয়ে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২০৫ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ২৯৪ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে চাঁদপুর পৌরসভা।

বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর পৌরসভার মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।

ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ২০৫ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ২৯৪ টাকা। এর মধ্যে রাজস্ব আয় ৬৮ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা, প্রারম্ভিক স্থিতি ৩ কোটি ১৯ লাখ ১৫ হাজার ২৯৪ টাকা এবং রাজস্ব উদ্বৃত্ত ব্যতীত উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৩৪ কোটি ২০ লাখ টাকা।

অন্যদিকে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা। সমাপনী স্থিতি নির্ধারণ করা হয়েছে ৪ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ২৯৪ টাকা। রাজস্ব উদ্বৃত্তসহ উন্নয়ন ব্যয় রাখা হয়েছে ১৪৫ কোটি ৭০ লাখ টাকা।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, নাগরিকদের ওপর অতিরিক্ত কর আরোপ না করে বিদ্যমান রাজস্ব কাঠামো জোরদার, নিজস্ব আয়ের উৎস বৃদ্ধি এবং সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমেই বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন করা হবে।

বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ঐতিহ্যবাহী প্রথম শ্রেণির এ পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং পরিকল্পিত আধুনিক নগরায়ণ গড়ে তুলতে ঘোষিত বাজেট বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

পৌর নির্বাহী কর্মকর্তা নুর আজম শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম সলিম উল্যা সেলিম, পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির এবং চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কবির হোসেন সরদার।

প্রস্তাবিত বাজেটের ওপর আয়োজিত উন্মুক্ত আলোচনায় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান কাজী শাহাদাত, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা জামায়াতের আমির মো. বিল্লাল হুসেন মিয়াজী, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল হামিদ মাস্টার, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সুশীল সমাজের প্রতিনিধি ডা. মো. মুস্তাফিজুর রহমান, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সাংবাদিক ফারুক আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত, নাগরিক ঐক্যের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাহের মাস্টার এবং নারী উদ্যোক্তা তানিয়া বাহার। এছাড়াও আরও অনেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×