রোহিঙ্গা শিবির পরিদর্শনে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। ছবি- সমকাল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ | ১৪:৫৭ | আপডেট: ৩১ জুলাই ২০২৬ | ১৪:৫৮
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে দেখতে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।
শুক্রবার সকাল ১১টা ৫৫ মিনিটে ১১ সদস্যের প্রতিনিধি দলটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে সরাসরি উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের উদ্দেশে রওনা হয়। প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও রয়েছেন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলটি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবে। এছাড়া সম্প্রসারিত ৮ ওয়েস্ট (৮ডব্লিউ) এবং ৬ নম্বর ক্যাম্পও তাদের সফরসূচিতে রয়েছে।
সফরকালে প্রতিনিধি দল রোহিঙ্গাদের জীবনযাত্রা, মানবিক সহায়তা কার্যক্রম এবং ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। পরে বিকেল ৫টায় কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তারা।
এর আগে, তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান সার্জিও গোর। সফরের শেষ দিনে শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে তার বাংলাদেশ সফর শেষ হওয়ার কথা রয়েছে।