ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সৎমা হত্যা মামলায় কারাভোগের পর এবার মা হত্যার অভিযোগে গ্রেপ্তার

সৎমা হত্যা মামলায় কারাভোগের পর এবার মা হত্যার অভিযোগে গ্রেপ্তার
×

ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ | ১৫:৪৫

ফরিদপুরে শামেলা আক্তার (৬০) নামে এক নারীকে হত্যার অভিযোগে তার ছেলে রহিম শেখকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের আলিয়াবাদ এলাকার আব্দুর রহমান মোল্লার ডাঙ্গিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার প্রায় ৯ ঘণ্টা পর রাত ৯টার দিকে জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেশার টাকার জন্য রহিম শেখ ধারালো অস্ত্র দিয়ে তার মায়ের মাথায় এলোপাতাড়ি কোপ দেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই শামেলা আক্তারের মৃত্যু হয়। পরে প্রতিবেশীরা রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে কোতোয়ালি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত জানান, ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে রাত ৯টার দিকে রহিম শেখকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে সিগারেটের প্যাকেট, ফয়েল পেপার, মোমবাতিসহ মাদক সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে নিহতের মাথায় ভারী ও ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে এলাকাবাসীর দাবি, প্রায় এক দশক আগে রহিম শেখ তার সৎমাকে কুপিয়ে হত্যা করেছিলেন। ওই মামলায় কয়েক বছর কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। মুক্তির পরও তিনি মাদকাসক্ত হয়ে পড়েন এবং পরিবারের সদস্যদের নিয়মিত মারধর ও ভয়ভীতি দেখাতেন বলে অভিযোগ রয়েছে।
 

আরও পড়ুন

×