ধর্ম, বর্ণ বিবেচনায় চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী
বরিশাল ব্যুরো
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ | ২১:০০
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না।
শুক্রবার বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ও মহানগর পূজা উদযাপন কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী। তিনি আরও বলেন, কোনো ধর্মাবলম্বীকে যদি কেউ রাজনৈতিক বা স্বার্থসিদ্ধির উদ্দেশে ব্যবহার করতে চায় কিংবা ধর্মের মাধ্যমে রাষ্ট্রকে গ্রাস করতে চায়, তাহলে বুঝতে হবে সে সৃষ্টিকর্তা, মানবতা এবং ধর্মের মূল মর্মবাণীর বিরোধিতা করছে।
রাজনীতি ও ধর্মের ভিন্নতা ব্যাখ্যা করে জহির উদ্দিন স্বপন বলেন, রাজনীতিতে দর্শন, চিন্তা ও আদর্শ কোনো ধর্মীয় বিষয় নয়। ধর্মীয় দর্শন আবর্তিত হয় সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে ঘিরে, আর রাজনীতির চিন্তাভাবনা আবর্তিত হয় জনগণের কল্যাণ ও সামাজিক স্বার্থকে কেন্দ্র করে। রাজনীতির কোনো প্রতীক বা মার্কা দেবত্ব প্রদত্ত নয়; দল বা নেতা কোনো দেব-দেবী নন। তাদের বক্তব্য ও কর্মসূচি যতক্ষণ জনগণ নিজের কল্যাণ হিসেবে গ্রহণ করবে, ততক্ষণ তা থাকবে। অন্যথায় জনগণ তা বর্জন করবে।
ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও সচেতনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ধর্ম চর্চাকারীরা যখন ধর্মব্যবসায়ীদের চিনতে পারবেন, তখনই প্রকৃত ধর্মচর্চা সার্থক হবে। যখনই কোনো মহল ধর্মীয় অনুভূতিকে সূক্ষ্মভাবে সাম্প্রদায়িক পকেটে পরিণত করার ষড়যন্ত্র করবে, তখনই ধর্মপ্রাণ মানুষকে সোচ্চার হয়ে সেই ধর্মব্যবসায়ীদের চিহ্নিত করতে হবে।
মানুষের সমান অধিকার নিশ্চিতে সরকারের অঙ্গীকার ব্যক্ত করে তথ্যমন্ত্রী বলেন, আমরা যারা রাজনীতিতে সব মানুষের সমান অধিকার নিয়ে কথা বলি, তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিনিধি প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন– ধর্ম যার যার, রাষ্ট্র সবার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন ও জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান। সভাপতিত্ব করেন মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি মানিক মুখার্জি।
পরে সার্কিট হাউজ মিলনায়তনে বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোশিয়েসন ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সেখানে তিনি বলেন, গণমাধ্যমকে আরও দায়িত্বশীল, জবাদিহিমূলক ও পেশাদার করতে সরকার কাজ করছে। সাংবাদিকদের স্বার্থে ‘সাংবাদিক কমিশন’ গঠনের কাজ চলছে। খুব শিগগিরই এ-সংক্রান্ত অ্যাকশন প্ল্যান ও গণমাধ্যম কমিশনের খসড়া অনুমোদনের জন্য সরকারের কাছে হস্তান্তর করা হবে।
- বিষয় :
- তথ্যমন্ত্রী
- বরিশাল
- ধর্ম
- চক্রান্ত