কুড়িগ্রামে ভাসমান চিকিৎসা ক্যাম্প, খাবার বিতরণ
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে ভাসমান চিকিৎসা ক্যাম্প। ছবি: সংগৃহীত
বিজ্ঞপ্তি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ | ২১:০৫
কুড়িগ্রামে চর রাজিবপুর উপজেলার চর ভেলামারি, চর বিল পাড়া, চিলমারীর অষ্টমী চরে গত বুধ ও বৃহস্পতিবার পাঁচ শতাধিক রোগীকে সেবা দেওয়া হয়েছে। ব্রহ্মপুত্র নদে ভাসমান চিকিৎসা ক্যাম্পে অংশ নিয়ে এই সেবা দেন চিকিৎসকরা। আয়োজন করে নটরডেমিয়ান্স ফাউন্ডেশন ও রিজুভা ওয়েলনেস।
নদে নৌকায় করে চিকিৎসকরা এক চর থেকে আরেক চরে যান। এ সময় হৃদরোগ, পেটের পীড়া, চর্মরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের প্রয়োজনীয় সেবা ও পরামর্শ নেন রোগীরা। একই সময় তাদের মাঝে ওষুধ, স্যানিটারি উপকরণ ও শুকনো খাবার বিতরণ করা হয়।
চিকিৎসা সেবা পেয়ে চরের বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি জানান, তারা প্রতিনিয়ত নদী ভাঙন, বৈরী আবহাওয়া, জলবায়ুর অভিঘাত এবং চিকিৎসার মতো মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
দুই দিনব্যাপী ক্যাম্পে উপস্থিত ছিলেন নটরডেমিয়ান্স ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি শাকিল আরিফ চৌধুরী, সাধারণ সম্পাদক দলিলুর রহমান, কোষাধ্যক্ষ আসিফুর রহমান, রংপুর জেনারেল হাসপাতালের চেয়ারম্যান তাশিকুল ইসলাম, মেজর আবদুল্লাহ সায়মন, জ্যেষ্ঠ সাংবাদিক আহমেদ সারোয়ার ভূঁইয়ান, সায়েদুল হাসান, এক্স নটরডেমিয়ান রুবাইয়্যাত রবীন, শুভংকর, স্থানীয় সংগঠক সাইফুল ইসলাম, সানোয়ার প্রমুখ।
- বিষয় :
- চিকিৎসা সেবা
- কুড়িগ্রাম