আশুলিয়ায় ‘প্রেশার কুকার’ বোমা উদ্ধার, পরে নিষ্ক্রিয়
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ | ২২:২৮
সাভার উপজেলার আশুলিয়ায় মুদি দোকানের সামনে রেখে যাওয়া একটি ব্যাগের ভেতর থেকে প্রেশার কুকার সদৃশ বোমা উদ্ধার করা হয়েছে। পরে শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা।
এ ঘটনায় আশুলিয়া থানায় বিস্ফোরক দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে আশুলিয়ায় খেজুরবাগান এলাকার হৃদয় চাকমার মালিকানাধীন জয়ী জেনারেল স্টোর নামের একটি দোকানের সামনে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান স্থানীয়রা। দীর্ঘ সময় ব্যাগটি পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে ব্যাগটি খুলে ভেতরে প্রেশার কুকার আকৃতির একটি বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে আশুলিয়া থানায় খবর দেন।
পরে আশুলিয়া থানা পুলিশ ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিটকে বিষয়টি জানায়। খবর পেয়ে বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে বোমাটি উদ্ধার করে। পরে শুক্রবার সকাল ৬টা ২২ মিনিটের দিকে পাশের একটি খোলা মাঠে নিয়ে মাটিতে গর্ত করে প্রেশার কুকারটি সেখানে রেখে বিশেষ প্রক্রিয়ায় বোমাটি নিষ্ক্রিয় করা হয়।
বম্ব ডিসপোজাল ইউনিট জানায়, রাত প্রায় ১টার দিকে তাদের কাছে কল আসে। রাত ৩টার দিকে বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করেন।
বোমা নিষ্ক্রিয়করণ দলের একজন কর্মকর্তা জানান, একটি প্রেশার কুকারের ভেতর বিয়ারিংয়ের বল ও রাসায়নিক ঢুকিয়ে শক্তিশালী বোমাটি তৈরি করা হয়েছিল।
এ ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা আজিজুল হক জানান, রাতে দোকানের সামনে এমন একটি ব্যাগ পড়ে থাকতে দেখে প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেননি। তবে সন্দেহ হওয়ায় ব্যাগটি পরীক্ষা করে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে দ্রুত পুলিশকে খবর দেন। তাদের তাৎক্ষণিক উদ্যোগে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন তারা।
আশুলিয়া থানার ওসি আরও জানান, কে বা কারা এটি সেখানে রেখে গেছে এবং এর উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণের কাজ চলছে।
- বিষয় :
- বোমা উদ্ধার
- আশুলিয়া