পাবনায় বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণ
প্রতীকী ছবি
পাবনা অফিস
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ | ০১:১২ | আপডেট: ০১ আগস্ট ২০২৬ | ০২:১৩
পাবনায় বাড়িতে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা। গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে পুলিশ। এর আগে গত সোমবার শহরের একটি এলাকায় এ ঘটনা ঘটে। স্বজনরা মামলা করলে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কাকরকাটা মো. মাহামুদুল হাসান নাছিম (২৩), তারেক রহমান (২২) ও কবিরপুর গ্রামের সাকিবুল হাসান (২৩)।
ভুক্তভোগীর (২২) এক স্বজন জানান, ওই দুর্বৃত্তের সঙ্গে তাদের কোনো বিরোধ ছিল না। হঠাৎ করেই গত সোমবার বেলা ১১টার দিকে বাড়িতে ঢুকে তারা এ ঘটনা ঘটায়।
জেলা ডিবির পরিদর্শক রাশিদুল ইসলামের ভাষ্য, গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে প্রকাশ্যে ওই তরুণরা পাবনা শহরের একটি আবাসিক এলাকার বাড়িতে ঢুকে পড়ে। ওই বাড়িতে স্বজনদের নিয়ে ভাড়ায় থাকেন ভুক্তভোগী গৃহবধূ। দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাঁর মা ও শিশুসন্তানকে একটি কক্ষে আটকে রাখে। এ সময় এক দুর্বৃত্ত ওই তরুণীকে ধর্ষণ করে, অন্য দুজন ভিডিও ধারণ করে। পরে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহবধূর মায়ের কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকা আদায় করে ঘটনাস্থল ছেড়ে যায়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার তরুণরা আগেও এমন অপকর্ম ঘটিয়েছেন। তারা বেশ কিছুদিন আগে টার্গেট নির্ধারণ করেন। খোঁজখবর নেন, কোন বাড়িতে পুরুষ মানুষ নেই। সুযোগ বুঝে বাড়িতে ঢুকে এমন অপকর্ম করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, এই ঘটনায় মামলা দায়েরের পরপরই পুলিশ ও গোয়েন্দা বিভাগ দ্রুত অভিযান শুরু করে। গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে।
- বিষয় :
- পাবনা
- গৃহবধূকে ধর্ষণ