ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

‘তুই ফ্যাসিস্ট’—বলেই বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কিলঘুসি

‘তুই ফ্যাসিস্ট’—বলেই বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কিলঘুসি
×

ম্যাপ

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ | ০২:২২

‘তুই ফ্যাসিস্ট’–বলেই বিএনপির এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরে জেলা ও দায়রা জজ আদালতের এক আইনজীবীর বিরুদ্ধে। এ সময় ভুক্তভোগীর মোটরসাইকেল এবং মোবাইল ফোন ভাঙচুর করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে ভুক্তভোগী মো. শরীফ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ভুক্তভোগী মো. শরীফ সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের বিনোদধর্মপুর গ্রামের বাসিন্দা এবং বিএনপির সক্রিয় কর্মী। অভিযুক্ত লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী আনিসুল ইসলাম একই এলাকার বাসিন্দা।

অভিযোগে শরীফ জানান, আনিসুল ইসলামের সঙ্গে তাদের পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এবং এ-সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন। ঘটনার দিন মাছের খাবার কিনতে মোটরসাইকেলে ভবানীগঞ্জ চৌরাস্তা এলাকায় গেলে কয়েকজনকে সঙ্গে নিয়ে আনিসুল তাঁর পথরোধ করেন। কিছু বুঝে ওঠার আগেই ‘তুই ফ্যাসিস্ট’–বলে এলোপাতাড়ি কিল-ঘুসি মারতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় তাঁর মোটরসাইকেল ও মোবাইল ফোনও ভাঙচুর করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে আইনজীবী আনিসুল ইসলাম বলেন, শরীফের সঙ্গে তাঁর দেখা হয়েছে, তবে মারধরের ঘটনা ঘটেনি। একটি পক্ষ তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।

জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে সমিতির পক্ষ থেকে তদন্ত করে দেখা হবে।

সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×