বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৪
ছবি: সংগৃহীত
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ | ১৩:১১ | আপডেট: ০১ আগস্ট ২০২৬ | ১৭:০৭
বগুড়ার কাহালুতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও সহকারীসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার নওগাঁ–বগুড়া মহাসড়কের কাজীপাড়া বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের চারজনের মধ্যে একজনের নাম লুৎফর রহমান (৪৫)। তার বাড়ি ময়মনসিংহ বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ থেকে মাছ বিক্রি শেষে একটি পিকআপ বগুড়ার দিকে ফিরছিল। পথে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে পিকআপের উপরে থাকা দুইজন এবং চালক-সহকারীসহ চারজন ঘটনাস্থলেই নিহত হন। পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। চালককে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস কর্মীরা পিকআপের ভেতর থেকে বের করেন।
কাহালু থানার এসআই ব্রজেন মাহাতো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের একজনের বাড়ি ময়মনসিংহে। চালক ও সহকারী ছাড়া নিহত দুই ব্যক্তি মাছ ব্যবসায়ী।
- বিষয় :
- সংঘর্ষে নিহত
- বগুড়া
- সড়ক দুর্ঘটনা-২০২৬