ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশে অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশে অর্ধগলিত মরদেহ উদ্ধার
×

প্রতীকি ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ | ১৫:০৩

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গা এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশের একটি পুকুরের ধারে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি দীর্ঘদিন ধরে পড়ে থাকায় এতে পচন ধরেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছিল। ঘটনাস্থল থেকে একটি ব্যাগও উদ্ধার করা হয়েছে। ব্যাগে কিছু পোশাক ও ব্যক্তিগত ব্যবহারের সামগ্রী পাওয়া গেছে।

খবর পেয়ে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, মরদেহটি আনুমানিক সাত থেকে আট দিন আগের। এখনো নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহটি সেখানে ফেলে রাখা হতে পারে। আবার রেলের ধাক্কায়ও তার মৃত্যু হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

×