দাফনের ১২ ঘণ্টা পর মায়ের মরদেহ কবর থেকে তুললেন সন্তানেরা, হাসপাতালে নিয়ে ইসিজি
মরদেহ নেওয়া হয় হাসপাতালে
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ | ০২:০৪
জামালপুরের মেলান্দহ উপজেলায় দাফনের প্রায় ১২ ঘণ্টা পর এক বৃদ্ধার মরদেহ কবর থেকে উত্তোলন করে হাসপাতালে নেওয়ার ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, মৃত নারীর ছেলে ও মেয়েকে ‘জিনে আসর’ করায় তাদের দেওয়া নির্দেশেই মরদেহ তুলে পরীক্ষা করা হয়। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
শনিবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হালিমা নামের ওই বৃদ্ধার মৃত্যু হলে শনিবার সকাল ৮টার দিকে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। দাফনের কয়েক ঘণ্টা পর পরিবারের কয়েকজন সদস্য অস্বাভাবিক আচরণ শুরু করেন। একপর্যায়ে তারা দাবি করেন, মৃত নারীর ছেলে ও মেয়েকে ‘জিনে আসর’ করেছে এবং তাদের মাধ্যমে জানানো হয়েছে, হালিমা এখনও জীবিত।
এরপর শনিবার রাতে কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করা হয়। প্রথমে তাঁকে মেলান্দহের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে জামালপুর শহরের আরেকটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইসিজি (ইলেকট্রোকার্ডিওগ্রাম) পরীক্ষা করার পর মরদেহ আবার বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়।
ঘটনার বিষয়ে পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট চিকিৎসকেরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
- বিষয় :
- জামালপুর
- মরদেহ উত্তোলন
- হাসপাতাল