ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপত্তিকর কথোপকথনের স্ক্রিনশট ফাঁস, ছাত্রশক্তির নেতাকে অব্যাহতি

আপত্তিকর কথোপকথনের স্ক্রিনশট ফাঁস, ছাত্রশক্তির নেতাকে অব্যাহতি
×

ফাইল ছবি

সিলেট ব্যুরো ও শাবি সংবাদদাতা

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ | ০৫:১৬

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর কথোপকথনের স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখার যুগ্ম আহ্বায়ক সাজিদ আহমেদ মোল্লাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংগঠনের নীতি, আদর্শ ও উদ্দেশ্যের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাজিদ আহমেদ মোল্লাকে সব ধরনের সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেন শাবি শাখা ছাত্রশক্তির আহ্বায়ক রাশিদ আবরার।

অব্যাহতি পাওয়া সাজিদ আহমেদ মোল্লা বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল ও পলিমারবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, গত বৃহস্পতিবার ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব)’ নামের একটি ফেসবুক পেজে সাজিদ আহমেদ মোল্লার মেসেঞ্জারের কয়েকটি কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করা হয়। সেখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী ও কিশোরী মেয়েদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং ধর্ষণ প্রসঙ্গে কথোপকথনের অভিযোগ ওঠে। এসব স্ক্রিনশট পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সাজিদ আহমেদ মোল্লা। তিনি বলেন, তাকে একজন ধর্ষকের সঙ্গে তুলনা করা হয়েছে, অথচ যে ঘটনার সঙ্গে তুলনা করা হচ্ছে তার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তার ভাষ্য, প্রায় এক বছর আগে কাজিনের সঙ্গে স্বাভাবিক ও মজার ছলে ওই কথোপকথন হয়েছিল। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হয়রানি ও মানহানির জন্য স্ক্রিনশটগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে শাবি শাখা ছাত্রশক্তির আহ্বায়ক রাশিদ আবরার বলেন, আপত্তিকর কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি জানার পর তারা প্রাথমিকভাবে সত্যতা যাচাই করেন। এরপর কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির সঙ্গে যোগাযোগ করা হলে তারা স্বল্প সময়ের মধ্যে তদন্ত শেষে সাজিদ আহমেদ মোল্লাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন

×