বাবার সঙ্গে বাজারে যাওয়ার পথে ভ্যানচাপায় প্রাণ গেল শিশুর
প্রতীকী ছবি
হরিণাকুণ্ডু ( ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ | ১৩:২৯ | আপডেট: ০২ আগস্ট ২০২৬ | ১৩:৪১
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মোটরচালিত পাখিভ্যানের চাপায় রাফিয়া খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার সকাল নয়টার দিকে উপজেলার ফতেপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রাফিয়া ওই গ্রামের রাহাজ উদ্দীনের মেয়ে।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাবার সঙ্গে বাজারে যাওয়ার জন্য একটি ভ্যানে উঠছিল রাফিয়া। এ সময় একটি মোটরচালিত পাখিভ্যান তাকে চাপা দেয়। ভ্যানের চাকার নিচে পড়ে শিশুটি গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। তবে কুষ্টিয়ায় নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানান রাফিয়ার বাবা রাহাজ উদ্দিন।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় বলেন, পাখিভ্যানের চাপায় রাফিয়া নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর স্বজনরা অভিযোগ বা মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- ঝিনাইদহ
- শিশুর মৃত্যু
- সড়ক দুর্ঘটনা
- হরিণাকুণ্ডু