ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

আধিপত্য বিস্তার

ছাত্রদল নেতার পেটে গুলি, স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে আহত

ছাত্রদল নেতার পেটে গুলি, স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে আহত
×

প্রতীকী ছবি

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ | ১৯:২৬

নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ছাত্রদল নেতা মাসুম মিয়া গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসনাহাটা ফকিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফকিরবাড়ি এলাকার আওলাদ, মহসিন, সানি ও সবজু মিয়ার সঙ্গে একই এলাকার মাসুম মিয়া, মামুন আহমেদ ও জয়নাল আবেদীনের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শনিবার রাতে একটি মুদি দোকানে মাসুম, মামুন, জয়নালসহ কয়েকজন অবস্থানকালে প্রতিপক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ছাত্রদল নেতা মাসুম মিয়ার পেটে গুলি লাগে। তাকে রক্ষা করতে গেলে স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। হামলায় আরও অন্তত ১০ জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন

×