কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে ১২৭ পিস ইয়াবাসহ আটক স্বামী
রেজাউল করিম
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ | ১৯:৪৮
কারাগারের ভেতরে বন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে নিরাপত্তা চৌকিতে তল্লাশির সময় ১২৭ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার সকালে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের আরপি (রিসেপশন) চেকপোস্টে এ ঘটনা ঘটে। আটক রেজাউল করিম (২৮) দর্শনার্থী হিসেবে এলেও মুহূর্তেই আসামিতে পরিণত হন। তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
কারাগার ও পুলিশ সূত্র জানায়, শ্রীপুর থানার একটি মাদক মামলায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন রেজাউলের স্ত্রী আফরোজা আক্তার। বন্দি স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে সকালে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে যান রেজাউল করিম। নিয়ম অনুযায়ী আরপি চেকপোস্টে দর্শনার্থীদের দেহ তল্লাশি চলাকালে তার আচরণ কারারক্ষীদের কাছে সন্দেহজনক মনে হয়। পরে তাকে আলাদাভাবে নিবিড় তল্লাশি করা হলে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ইয়াবা উদ্ধারের পরপরই তাকে আটক করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার হওয়া ইয়াবাসহ তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, সকালে কারাগার কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে কারারক্ষীরা ইয়াবাসহ আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় কোনাবাড়ী থানার এসআই আব্দুল হামিদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
তিনি আরও বলেন, বন্দি স্বজনের সঙ্গে সাক্ষাতের সুযোগকে কাজে লাগিয়ে কারাগারের ভেতরে মাদক প্রবেশ করানোর চেষ্টা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি উদ্ধার হওয়া ইয়াবার উৎস, সম্ভাব্য গন্তব্য এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, সে বিষয়েও অনুসন্ধান চলছে।
মামলার বাদী এসআই আব্দুল হামিদ জানান, গ্রেপ্তার হওয়া রেজাউলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তার স্ত্রী আফরোজা আক্তারও মাদক মামলাতেই কারাগারে বন্দি।
- বিষয় :
- কারাগার
- ইয়াবা
- ইয়াবাসহ আটক