যমুনার বালু লুটের প্রতিবাদ করায় শিক্ষকসহ ৫জনকে কুপিয়ে জখম
ছবি-সংগৃহীত
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ০২:০২
জামালপুরের ইসলামপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় প্রবীণ এক শিক্ষকসহ ৫জনকে কুপিয়ে জখম করা হয়েছে। গত শনিবার দুপুরে উলিয়া পাইলিংঘাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গতকাল রোববার ৯জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
অভিযোগ রয়েছে, গত শনিবার দুপুরে শফিকুল ইসলামের নেতৃত্বে ১৫-২০ জন উলিয়া পাইলিংঘাট এলাকায় হামলা চালায়। এসময় উলিয়া এলাকার প্রবীণ শিক্ষক আবুল হোসেন, মাহবুবুর রহমান, শফিউল আলম, সাইদুল ইসলাম ও মো. সুলতানকে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।
এই ঘটনায় মারুফ বিল্লাহ বাদী হয়ে রোববার ইসলামপুর থানায় ৯ জনের বিরুদ্ধে এজাহার দিয়েছেন। এজাহারে বলা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে যমুনা নদীর তীরবর্তী বিভিন্ন এলাকা দখল করে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। এতে নদী তীরবর্তী ওইসব এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। সম্প্রতি নোয়ারপাড়া এলাকার প্রবীণ শিক্ষক আবুল হোসেনসহ কতিপয় লোক বালু তোলার প্রতিবাদ করেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে হামলা চালিয়েছেন শফিকুল ইসলাম ও তার লোকজন।
তবে এই ঘটনার বিষয়ে শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি। তার ভাই মো. তাহাবুর বিরুদ্ধেও হামলার অভিযোগ রয়েছে। যোগাযোগ করলে তাহাবুর বলেন, বালু তোলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তিনি ঘটনাস্থলে থাকলেও দুই পক্ষের সংঘর্ষ থামানোর চেষ্টা করেছেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, হামলার অভিযোগে ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
একইদিন যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. জুবায়ের বলেন, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- জামালপুর
- কুপিয়ে জখম