ছেলেকে খুঁজে না পেয়ে থানায় জিডি, পরে জানা গেল চুরির অভিযোগে আটক
ছবি: সমকাল
কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ১২:৪০ | আপডেট: ০৩ আগস্ট ২০২৬ | ১২:৪৪
তিন দিন ধরে ছেলের খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন এক বাবা। তবে পরে জানা যায়, তিনি গ্রামের একটি বাড়িতে চুরির অভিযোগে স্থানীয়দের হাতে আটক রয়েছেন। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে আদালতে পাঠিয়েছে।
ঘটনাটি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বড়বামনদহ গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈমাম কারিগর নামে ওই ব্যক্তি শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। পরে রোববার রাতে তার বাবা মোহাম্মদ আলী কোটচাঁদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মোহাম্মদ আলী জানান, শনিবার দিনভর তিনি ও তার ছেলে একসঙ্গে রাজমিস্ত্রির কাজ করেন। রাতে বাড়ি ফেরার পর রাত ৯টার দিকে ঈমাম বের হয়ে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে একটি মাঠে ছেলের ব্যবহৃত জুতা ও জামা পাওয়া গেলে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। কোনো উপায় না পেয়ে রোববার রাতে থানায় জিডি করেন।
তিনি আরও বলেন, জিডি করার পর বাড়ি ফিরে জানতে পারেন, গ্রামের আজিজুল ইসলামের বাড়িতে তার ছেলেকে আটকে রাখা হয়েছে। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন তিনি।
বড়বামনদহ গ্রামের সাবেক কাউন্সিলর হাফিজুর রহমান স্বপন বলেন, ঈমামের খোঁজ না পেয়ে তার বাবা-মা তার কাছে যান। পরে তাদের সঙ্গে নিয়ে থানায় জিডি করা হয়। বাড়ি ফেরার পথে জানতে পারেন, চুরির অভিযোগে গ্রামবাসী ঈমামকে আটক করে রেখেছেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম বলেন, ঈমাম কারিগর নিখোঁজ হওয়ায় রোববার রাতে তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছিল। পরে চুরির অভিযোগে আটক অবস্থায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
- বিষয় :
- জিডি
- চুরির অভিযোগ
- নিখোঁজ