ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

রূপপুর গ্রিনসিটিতে দুই রুশ নাগরিকের হাতাহাতি, একজনের মৃত্যু

রূপপুর গ্রিনসিটিতে দুই রুশ নাগরিকের হাতাহাতি, একজনের মৃত্যু
×

নিহত কুদরিন সার্গেই। ছবি: সংগৃহীত

পাবনা অফিস

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ১৫:৫২

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসন এলাকা গ্রিনসিটিতে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মধ্যে হাতাহাতির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অপর রুশ নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার সকাল ১০টার দিকে গ্রিনসিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি কুদরিন সার্গেই (৫৬)। তিনি রাশিয়ার নাগরিক এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেস্ট রসসেম-এ আল্ট্রাসনিক টেস্টিং ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার নাম নিকোলাই। তিনি গ্রিনসিটির ওই কক্ষে বসবাস করতেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানের পর একই কক্ষে থাকা দুই রুশ নাগরিকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কুদরিন সার্গেই অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গ্রিনসিটি থেকে পাবনার এসআরটি হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

ঘটনায় আহত অপর রুশ নাগরিককে পাবনার এসআরটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি একই প্রতিষ্ঠানে কর্মরত হলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঈশ্বরদী থানার ওসি বলেন, প্রাথমিকভাবে এটি দুই রুশ নাগরিকের মধ্যে হাতাহাতির ঘটনা বলে জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় তদন্ত চলছে।
 

আরও পড়ুন

×