চট্টগ্রামে পুলিশের বাধায় থামল ‘বন্দর রক্ষা’ কমিটির পদযাত্রা
ইজারা না দেওয়ার দাবিতে সোমবার সকালে নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে বন্দর অভিমুখে পদযাত্রা নিয়ে যাওয়ার সময় নগরীর বাবিক বিল্ডিং এলাকায় বন্দর রক্ষা কমিটি নেতাকর্মীদের বন্দরের দিকে যেতে বাধা দেয় পুলিশ। ছবি- মো. রাশেদ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ১৭:০১ | আপডেট: ০৩ আগস্ট ২০২৬ | ১৭:৪৫
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) সহ বন্দরের কোনো স্থাপনা দেশি-বিদেশি মালিকানায় ইজারা না দেওয়ার দাবিতে বন্দর অভিমুখে পদযাত্রা করেছে বন্দর রক্ষা কমিটি। তবে বারিক বিল্ডিং মোড়ে পুলিশের বাধার মুখে কর্মসূচি সংক্ষিপ্ত করে শেষ করতে হয় আয়োজকদের।
সোমবার বিকেলে আগ্রাবাদের বাদামতলী মোড় থেকে শুরু হওয়া পদযাত্রায় বিভিন্ন শ্রমিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পদযাত্রা বারিক বিল্ডিং মোড়ে পৌঁছালে পুলিশ তাদের এগিয়ে যেতে বাধা দেয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ থেকে আগামী ১৫ আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই হলে ‘বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ আয়োজনের ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, চট্টগ্রাম বন্দরের মালিকানা ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। বন্দরের সক্ষমতা বাড়াতে আধুনিকায়ন প্রয়োজন, তবে তার অর্থ জাতীয় সম্পদ দেশি-বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া নয়।
পদযাত্রার আগে বাদামতলী মোড়ে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রকৌশলী দেলোয়ার মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব ফজলুল কবির মিন্টু।