পুলিশ আসার খবরে পাটাতনের নিচে লুকালেন যুবলীগ নেতা
হাবিবুর রহমান তালুকদার
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ১৭:৫২
পুলিশ আসার খবর পেয়ে বাড়ির কাঠের পাটাতনের কোণায় লুকিয়েছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার এক যুবলীগ নেতা। তবে শেষ পর্যন্ত সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।
রোববার দিবাগত রাত ১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে ডুমুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান তালুকদারকে গ্রেপ্তার করা হয়। তিনি একই ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নাসরিন বেগমের স্বামী।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় হাবিবুর রহমানের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ তার বাড়িতে গেলে পুলিশের উপস্থিতির খবর পেয়ে তিনি কাঠের ঘরের পাটাতনের কোণায় আত্মগোপনের চেষ্টা করেন। পরে সেখান থেকেই তাকে আটক করা হয়।
ওসি বলেন, সোমবার হাবিবুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণা ও চেক ডিজঅনারসহ একাধিক মামলাও রয়েছে বলে জানান তিনি।
- বিষয় :
- গোপালগঞ্জ
- যুবলীগ নেতা
- গ্রেপ্তার
- পুলিশ