স্বর্ণকে পেস্ট বানিয়ে পাচারের চেষ্টা, শাহ আমানতে আটক যাত্রী
ছবি-সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ১৯:৩৪
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা যাত্রীর কাছ থেকে প্রায় ১৫০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। ওই যাত্রীর নাম মোহাম্মদ তুষার। তার গ্রামের বাড়ি কুমিল্লার দীঘল-গাঁও এলাকায়।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওই যাত্রী আন্ডারওয়্যারের ভেতরে করে বিশেষ কায়দায় স্বর্ণকে পেস্টের আকারে নিয়ে আসছিলেন তিনি। কিন্তু বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই, ডিজিএফআই এবং কাস্টমস ইন্টেলিজেন্সের কাছে ধরা পড়েন তিনি। এসব স্বণ্যের মূল্য প্রায় ২ কোটি ৮৬ লাখ টাকা।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, উদ্ধারকৃত স্বর্ণ গলিয়ে বারে পরিণত করা হয়। এরপর এগুলো বিমানবন্দর কাস্টমসে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ওই যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।