রাঙ্গাবালীতে এইচএসসির খাতা দেখায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার অভিযোগ, শিক্ষককে শোকজ
ছবি: সংগৃহীত
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ০২:২৫
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠারে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা শিক্ষা বিভাগ অভিযুক্ত শিক্ষককে শোকজ করেছে।
ঘটনাটি উপজেলার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে। জেলা শিক্ষা কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, চলতি বছরের এইচএসসি পরীক্ষার বাংলা বিষয়ের উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব পান প্রতিষ্ঠানের প্রভাষক মো. রিপন হোসেন। অভিযোগ রয়েছে, তিনি ব্যস্ততার কথা বলে কয়েকজন এইচএসসি পরীক্ষার্থীকে উত্তরপত্রের বিষয় কোড পূরণসহ কিছু কাজ করতে দেন।
রোববার দুপুরে বিষয়টি স্থানীয় কয়েকজনের নজরে আসে। তারা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি শিক্ষা বিভাগের নজরে আসে।
প্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থী তাসমিকুর রহিম অনিম বলেন, ‘কলেজে যাওয়ার পর স্যার আমাদের খাতাগুলো দিয়ে বলেন, তিনি দেখে রেখেছেন, আমরা শুধু বিষয় কোডগুলো পূরণ করে দিই। আমরা সেটিই করেছি।’
তবে অভিযোগ অস্বীকার করে প্রভাষক মো. রিপন হোসেন বলেন, ‘ঘটনাটি যেভাবে প্রচার করা হচ্ছে, বাস্তবে তা নয়। আমি কিছু সময়ের জন্য বাইরে গেলে শিক্ষার্থীরা টেবিলে রাখা খাতাগুলো হাতে নেয়। তখন কেউ ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়। তবে বিষয়টি নিয়ে আমি বিব্রত।’
ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মানজুর বলেন, ভিডিও দেখার পর তিনি সংশ্লিষ্ট শিক্ষকের কাছে ব্যাখ্যা চান। শিক্ষক জানিয়েছেন, সময়ের স্বল্পতার কারণে কয়েকজন শিক্ষার্থীকে দিয়ে বিষয় কোড পূরণ করিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা মুহা. মজিবুর রহমান বলেন, ভিডিও দেখার পরপরই অভিযুক্ত শিক্ষককে শোকজ করা হয়েছে। সরকারি গোপনীয়তা রক্ষায় ব্যর্থতার অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
- বিষয় :
- পটুয়াখালী
- রাঙ্গাবালী
- এইচএসসি পরীক্ষা
- শোকজ