গাইবান্ধায় সাপের দংশনে সাপুড়ের মৃত্যু
প্রতীকী ছবি
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ০৯:৪২
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নতুন সাপকে খেলার প্রশিক্ষণের সময় সাপের দংশনে আজাদুল ইসলাম ঘুটু (৩৪) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। নিহত আজাদুল উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল শিয়ালগাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
সোমবার বিকেলে স্থানীয় একটি বাজারে এই সাপটি দিয়ে খেলা দেখানোর পরিকল্পনা ছিল আজাদুলের।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজাদুল ইসলাম বিভিন্ন এলাকায় পাতা খেলার সময় সাপ প্রদর্শন করতেন এবং সাম্প্রতিক সময়ে তিনি কলাগাছে সাপ পেঁচিয়ে খেলা দেখাতেন। এরই একপর্যায়ে সোমবার শাখাহার ইউনিয়নের আসাদমোড়ে আয়োজিত পাতা খেলা উপলক্ষে বিকেলে কোচাশহর এলাকা হতে একটি বিষধর সাপ ধরে আনেন আজাদুল। পরে ধরে আনা নতুন সাপটিকে প্রদর্শনের জন্য খেলার প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেন। প্রশিক্ষণের একপর্যায়ে সাপটি হঠাৎ তাকে দংশন করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন।
পরে চিকিৎসার জন্য জয়পুরহাটের কালাইয়ের শিবসমুদ্র এলাকায় এক ওঝার কাছে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হেদায়েতুল ইসলাম বলেন, সাপে কাটা ওই রোগীকে হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল।
নিহতের পরিবারের বরাতে এই চিকিৎসক জানান, বিকেলে সাপে কামড়ানোর পর রোগীকে প্রথমে জয়পুরহাটের এক ওঝার কাছে নেওয়া হয়। পরে সেখান থেকে হাসপাতালে আনা হয় রাত সাড়ে ১১টার দিকে। সাপে কামড়ানো রোগীকে দংশনের সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া উচিত বলেও জানান তিনি।
- বিষয় :
- গাইবান্ধা
- সাপ
- সাপের ছোবল