ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মামার চুরি হওয়া নৌকার খোঁজ চাওয়ায় ভাগনেকে ছুরিকাঘাতে হত্যা

মামার চুরি হওয়া নৌকার খোঁজ চাওয়ায় ভাগনেকে ছুরিকাঘাতে হত্যা
×

নিহত সাজ্জাদ মিয়া। ছবি: সংগৃহীত

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ১৪:০৬

কিশোরগঞ্জের ভৈরবে নৌকা চুরির বিষয়ে প্রশ্ন করাকে কেন্দ্র করে সাজ্জাদ মিয়া (২০) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার রাত ১০টার দিকে উপজেলার লক্ষ্মীপুর এলাকার ইউসুফ আলী উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ জগন্নাথপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার আরমান মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ১৫ দিন আগে সাজ্জাদের মামা স্বপন মিয়ার একটি নৌকা চুরি হয়। এ ঘটনার জের ধরে সোমবার রাতে এলাকার বাসিন্দা আনার ওরফে কাইল্যা ডাকাতের সঙ্গে সাজ্জাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আনার ছুরিকাঘাত করলে সাজ্জাদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আরমান মিয়া অভিযোগ করেন, নৌকা চুরির বিষয়ে জানতে চাওয়ায় তার ছেলেকে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

নিহতের মা শিউলি বেগম বলেন, ঘটনার কিছুক্ষণ আগে ছেলে তাকে ফোন করে আনারকে দেখার কথা জানিয়েছিল। অল্প সময়ের মধ্যেই ছুরিকাঘাতের খবর পান তিনি।

ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর বলেন, হাসপাতালে আনার আগেই সাজ্জাদের মৃত্যু হয়। তার বাম কাঁধে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৌকা চুরির ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, অভিযুক্ত আনার ওরফে কাইল্যা ডাকাতের বিরুদ্ধে আগেও একাধিক হত্যা ও ডাকাতির মামলা রয়েছে। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
 

আরও পড়ুন

×