ফ্যানের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
প্রতীকি ছবি
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ১৫:২৩
নাটোরের সিংড়ায় ফ্যানের বৈদ্যুতিক সংযোগ ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়ানুছ আলী ওরফে লুতু (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার চৌগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ানুছ আলী উপজেলার চৌগ্রাম গ্রামের মৃত লোবা প্রামানিকের ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন এবং বাড়ির পাশের একটি মাছের পুকুরে পাহারাদারের দায়িত্ব পালন করতেন।
নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম জানান, মাছ ব্যবসায়ী আব্দুল মজিদের পুকুরের পাহারার ঘরে থাকা একটি ফ্যানের বৈদ্যুতিক সংযোগ নষ্ট হয়ে যায়। সেটি ঠিক করতে গিয়ে ইয়ানুছ আলী বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়ানুছ আলী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
- বিষয় :
- বিদ্যুৎস্পৃষ্ট
- নাটোর