সাতক্ষীরার বেসরকারি হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
বেসরকারি ব্লিস হাসপাতাল। ছবি: সমকাল
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ১৬:১০
সাতক্ষীরা শহরের বেসরকারি ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো প্রাণহানি বা গুরুতর হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শহরের পলাশপোল এলাকায় অবস্থিত ব্লিস হাসপাতালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জোহরের নামাজের সময় হঠাৎ বিকট শব্দে হাসপাতালের নিচতলায় বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো হাসপাতাল। আতঙ্কে রোগী, স্বজন ও হাসপাতালের কর্মীরা ছোটাছুটি শুরু করেন। বিষাক্ত ধোঁয়ায় কয়েকজন রোগী অসুস্থ বোধ করলে তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, দুপুর ১টার দিকে হাসপাতালের অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে রোগীদের নিরাপদে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। অ্যাম্বুলেন্সে করে রোগীদের অন্য হাসপাতালে পাঠানো হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।
এ ঘটনায় ব্লিস হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
- বিষয় :
- হাসপাতাল
- সিলিন্ডার বিস্ফোরণ
- সাতক্ষীরা