পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষ আহত ৬
আহত দুজন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ১৮:১৬
পটুয়াখালীর দশমিনায় কমিটি গঠনকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ৬ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলার রণগোপালদী ইউনিয়নে গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটি স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় রণগোপালদী বাজারে গণঅধিকার পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন– মাইদুল ইসলাম, মিলন মাঝি, আবুল বশার, রেজাউল করিম, কবির মাঝি ও মারুফ হোসেনকে। তাদেরকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত মাইদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৩১ জুলাই মাইদুল ইসলামকে সভাপতি ও মামুন তালুকদারকে সাধারণ সম্পাদক করে রণগোপালদী ইউনিয়ন গণঅধিকার পরিষদের ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক। সোমবার নতুন কমিটির পরিচিতি সভা উপলক্ষে রণগোপালদী বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে যান গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় রণগোপালদী ইউনিয়ন গণঅধিকার পরিষদের সদ্য সাবেক আহ্বায়ক মুছা মাঝির সমর্থকেরা হট্টগোল শুরু করেন। তারা নতুন কমিটি মেনে না নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে রণগোপালদী বাজারে আতঙ্ক ছড়িয়ে পরে।
এদিকে সংঘর্ষের ঘটনায় আজ মঙ্গলবার রণগোপালদী ইউনিয়ন গণঅধিকার পরিষদের ঘোষিত কমিটি স্থগিত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন আকন জানান, রণগোপালদী ইউনিয়নে গণঅধিকার পরিষদের কমিটি স্থগিত করা হয়েছে। সংঘর্ষের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
দশমিনা থানার ওসি মো. অতিকুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, দশমিনা ও গলাচিপা উপজেলাকে নিয়ে গঠিত পটুয়াখালী-৩ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
- বিষয় :
- পটুয়াখালী
- গণঅধিকার পরিষদ
- সংঘর্ষ
- আহত